ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ।


\r\n

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে দেওয়া পোস্টে তিনি লেখেন, বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ যেন শহীদ হিসেবে কবুল করেন। অন্যায়ের বিরুদ্ধে তার সাহসিকতা থেকে তরুণরা যেন অনুপ্রাণিত হওয়ার তাওফিক লাভ করে—এমন দোয়াও করেন তিনি।


\r\n

পোস্টের মন্তব্য অংশে শায়খ আহমাদুল্লাহ আরও লেখেন, “এমন মৃত্যু সত্যিই ঈর্ষণীয়। পরিণতি জেনেও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার এর চেয়ে উত্তম উদাহরণ নিকট অতীতে খুবই বিরল। মৃত্যুভয় জয় করে শাহাদাতের এমন আকাঙ্ক্ষা লালন করতে পারে কেবল আদর্শ মুসলিম তরুণরাই। হে আল্লাহ, আমাদের সবাইকে তুমি এমন স্বার্থক মৃত্যু দান করো।”


\r\n

উল্লেখ্য, জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণার সময় গত ১২ ডিসেম্বর রাজধানীতে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। মাথায় গুলি লাগায় তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।


\r\n

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাকে মৃত ঘোষণা করা হয়।