বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি ও কাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে চলছে। মানবিক সেবা, সংগঠনের সুশাসন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম নতুন উদাহরণ তৈরি করেছে। দেশের মানুষের কাছে রেড ক্রিসেন্টের পরিচিতি বাড়ানো, সেবার পরিধি সম্প্রসারণ এবং সাংগঠনিক শক্তি পুনর্গঠনের কারণে প্রতিষ্ঠানটি আগের তুলনায় অনেক বেশি কার্যকরভাবে কাজ করতে পারছে।
রেড ক্রিসেন্টের কার্যক্রমকে গতি দিতে এবং অভ্যন্তরীণ শুদ্ধি অভিযান জোরদার করতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়। প্রতিষ্ঠানের কর্মীদের নির্দিষ্ট সময়ে বেতন পরিশোধ, দীর্ঘদিনের অবসর ভাতা বকেয়া পরিশোধের ব্যবস্থা এবং অভ্যন্তরীণ দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ায় ইতিবাচক সাড়া পাওয়া গেছে। বিদেশি ডোনারদের সঙ্গে নতুন করে সেতুবন্ধন তৈরি হওয়ায় মানবিক কাজে সহযোগিতা আরও বৃদ্ধি পাচ্ছে।
এ ছাড়া সারা দেশে রেড ক্রিসেন্টের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে ব্যাপকভাবে কমিটি গঠন চলছে। ইতোমধ্যে অর্ধেকের বেশি ইউনিটে নির্বাচন কমিটি গঠন করা হয়েছে এবং কয়েকটি ইউনিটে নির্বাচনও সম্পন্ন হয়েছে। ডিসেম্বরের মধ্যেই সব ইউনিটের নির্বাচন শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এই ধারাবাহিক অগ্রগতির নেপথ্যে রয়েছেন রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম (অব.)। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি দুর্নীতি দমন, অস্বচ্ছ সিন্ডিকেট ভাঙা, মানবিক কাজের প্রসার এবং নির্বাচনসহ সব কার্যক্রম নির্ধারিত সময়ে সম্পন্ন করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বে রেড ক্রিসেন্ট একটি সুশৃঙ্খল, স্বচ্ছ ও জনমুখী প্রতিষ্ঠানে রূপ নেওয়ার পথে এগিয়ে যাচ্ছে।





