ঝিনাইদহে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করায় হত্যার হুমকি পেয়েছেন মো. শিমুল হোসেন নামে এক অনলাইন অ্যাক্টিভিস্ট। এ ঘটনায় তিনি সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
\r\nশিমুল হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী এলমা খাতুনের স্বামী এবং নিজেও দীর্ঘদিন ধরে অনলাইন অ্যাক্টিভিজম ও তথ্য-নথি সংরক্ষণের কাজের সঙ্গে যুক্ত। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ফেসবুক ম্যাসেঞ্জারে তাকে কল দিয়ে এই হুমকি দেন ঝিনাইদহ জেলা ছাত্রলীগের পলাতক সভাপতি সজীব হোসেন।
\r\nশিমুল হোসেন অভিযোগে জানান, ঘটনার সময় তিনি শহরের ২ নম্বর পানির ট্যাঙ্কি পাড়ায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান ‘শিমুল মিডিয়া’তে অবস্থান করছিলেন। এ সময় সজীব হোসেন কল দিয়ে জানতে চান, তিনি কেন ভিডিওটি শেয়ার করেছেন। উত্তরে শিমুল বলেন, “অনেকে তো এই ভিডিও শেয়ার করেছে, আমার অপরাধ কী?” তখন সজীব হোসেন বলেন, “সবাই করুক, তুই করবি ক্যা?”
\r\nএরপর সজীব হোসেন সরাসরি তাকে হত্যার হুমকি দিয়ে বলেন, “জুলাই তো আরও আসবে, সামনের জুলাই তুই কনে থাকবি? তোমার চোখে গুলি করে হত্যা করা হবে।”
\r\nএই ভয়াবহ হুমকির অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বিশেষ করে বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রনেতাদের মধ্যে।
\r\nঘটনার পরদিন (১৬ জুলাই) রাতে ঝিনাইদহ সদর থানায় জিডি করেন শিমুল হোসেন।
\r\nবিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, “বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি। একজন এসআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”





