ভারতপন্থী হলেও শেখ মুজিবুর রহমান সরাসরি ভারতের নির্দেশে চলতেন না; তবে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনব্যবস্থা পুরোপুরি ভারতের পরিকল্পনার ভিত্তিতে পরিচালিত হয়েছে—এমন মন্তব্য করেছিলেন লেখক ও গবেষক বদরুদ্দীন উমর। তিনি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী।
গত ১৪ ফেব্রুয়ারি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেনের কাছে দেওয়া জবানবন্দিতে বদরুদ্দীন উমর এসব কথা জানান। তবে ৭ সেপ্টেম্বর (রোববার) তাঁর মৃত্যু হওয়ায় তিনি আর ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে পারলেন না।
জবানবন্দিতে তিনি আরও বলেন, শেখ হাসিনা ও শেখ মুজিবের কথিত ‘মুক্তিযুদ্ধের চেতনা’ আসলে একটি দলীয়, একমুখী ও ক্ষমতাকেন্দ্রিক বয়ান, যা গণতন্ত্র এবং সত্যিকারের ইতিহাসের পরিপন্থী।
এছাড়া তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার গত ১৫ বছরের শাসনামলে রাষ্ট্রীয় দুর্নীতি ও অর্থপাচার এমন মাত্রায় পৌঁছেছিল, যা এমনকি ব্রিটিশ ও পাকিস্তানি শাসনামলেও দেখা যায়নি।





