সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে জানিয়েছে, ইয়েমেনে আমিরাতের উস্কানিমূলক কর্মকাণ্ড তাদের জাতীয় নিরাপত্তার জন্য ‘লাল রেখা’ এবং এর বিরুদ্ধে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না।
আল অ্যারাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তার জন্য যে কোনো হুমকি একটি লাল রেখা এবং দেশ এই ধরনের হুমকি মোকাবিলা করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।”
রয়টার্স জানিয়েছে, এটি সৌদি আরবের সবচেয়ে জোরালো সতর্কবার্তা, কারণ সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদীদের সামরিক সহায়তা দিচ্ছে।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আজ মুকাল্লা বন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে পাঠানো দুটি জাহাজে অস্ত্র ও যুদ্ধযান আনা হলে সৌদি নেতৃত্বাধীন জোট সীমিত বিমান হামলা চালায়। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, ফুজাইরা বন্দর থেকে আগত জাহাজগুলো ২৭-২৮ ডিসেম্বর আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই মুকাল্লা বন্দরে প্রবেশ করে। জাহাজগুলো থেকে হাদরামাউত ও মাহরা প্রদেশে দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বাহিনীকে সমর্থন করার জন্য অস্ত্র ও যুদ্ধযান নামানো হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে আরও বলেছে, “আমিরাতের পদক্ষেপগুলো অত্যন্ত বিপজ্জনক। এটি দেশের জাতীয় নিরাপত্তা ও ইয়েমেনের স্থিতিশীলতার জন্য হুমকি এবং জোটের উদ্দেশ্য পূরণে বাধা সৃষ্টি করে।”
উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতি আন্দোলনের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোটের সদস্য ছিল সংযুক্ত আরব আমিরাত। ২০১৯ সালে তারা সৈন্য প্রত্যাহার শুরু করলেও আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিল।





