বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করবে। তিনি এই বৈঠককে \"ঐতিহাসিক\" আখ্যা দিয়ে বলেন, এর মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সুবাতাস বইবে।
\r\nবুধবার (১২ জুন) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এসব কথা বলেন।
\r\nতিনি বলেন, \"গোটা জাতি আজ লন্ডনের দিকে তাকিয়ে আছে। বিশ্বাস করি, এটি একটি ঐতিহাসিক বৈঠক হবে এবং দেশের রাজনৈতিক অচলাবস্থা দূরীকরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।\"
\r\nরিজভী জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে বিএনপি চলতি বছরের ডিসেম্বরেই নির্বাচন দাবি করছে। এ প্রেক্ষাপটে আগামী শুক্রবার লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা প্রায় দুই ঘণ্টা স্থায়ী হবে।
\r\nতিনি আরও বলেন, \"বিএনপি ইতিমধ্যেই ডিসেম্বর মাসে নির্বাচনের যৌক্তিকতা উপস্থাপন করেছে। জাতি আশা করে, যৌক্তিক সময়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব।\"
\r\nপ্রতিবেশী ভারতের প্রতি সরকারের নতজানু নীতির সমালোচনা করে রিজভী বলেন, \"শেখ হাসিনার পতনের পর ভারতের আচরণ আরও আক্রমণাত্মক হয়ে উঠেছে। সীমান্তে পুশইনের প্রবণতা বেড়েছে। বাংলাদেশ কি বর্জ্য ফেলার স্থান?\" — প্রশ্ন রাখেন তিনি।
\r\nতিনি হুঁশিয়ার করে বলেন, \"বিদেশি নাগরিককে বাংলাদেশে ঢুকিয়ে দিলে শুধু প্রতিবাদ নয়, প্রয়োজন হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। ভারতকে মনে রাখতে হবে, দমন-পীড়নের মাধ্যমে কেউ টিকে থাকতে পারে না।\"
\r\nকরোনার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, \"ভারতে করোনার প্রাদুর্ভাব বেড়েছে, ইতোমধ্যে সাত হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। বাংলাদেশেও সংক্রমণ শুরু হয়েছে, একজনের মৃত্যু ঘটেছে। সরকারকে এখনই প্রস্তুতি নিতে হবে।\"





