ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে কড়া হুঁশকি দিয়ে বলেছেন, সন্ত্রাসবাদে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বন্ধ না করলে দেশটিকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে।
শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে তিনি বলেন, “অপারেশন সিঁদুর ১.০-তে আমরা যে সংযম দেখিয়েছিলাম, এবার তা আর হবে না। এবার এমন পদক্ষেপ নেব, যাতে পাকিস্তানকে ভাবতে হবে তারা মানচিত্রে থাকতে চায় কি না।”
এর আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশে হুঁশকি দিয়ে বলেন, পাকিস্তান যদি স্যার ক্রিক এলাকায় আগ্রাসন চালায়, তবে এমন জবাব দেওয়া হবে যা দেশটির ইতিহাস ও ভূগোলই পাল্টে দেবে।
স্যার ক্রিক ভারত-পাকিস্তান সীমান্তের একটি বিতর্কিত খাল। এটি ভারতের কচ্ছ অঞ্চল ও পাকিস্তানের সিন্ধ প্রদেশকে পৃথক করেছে এবং আরব সাগরে গিয়ে মিশেছে।
১৯৬৫ সালের যুদ্ধের প্রসঙ্গ টেনে প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, “তখন ভারতীয় সেনারা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল। পাকিস্তানকে মনে রাখতে হবে, করাচি পৌঁছানোর পথও স্যার ক্রিক দিয়েই যায়।”
সাম্প্রতিক এই কড়া বক্তব্য ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে এবং কূটনৈতিক মহলে তা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।





