মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. একেএম শামছু উদ্দিন আজাদ।


তিনি বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি নতুন প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। মাদক, মোবাইল গেমস ও অন্যান্য অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান, পড়াশোনার পাশাপাশি তারা মাঠমুখী ও খেলাধুলায় মনোযোগী হোন।”


বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রামের হালিশহর হাউজিং সেটেলমেন্ট পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সংস্কৃতি ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন তাপস কুমার, প্রথম পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আরিফিন।


ড. একেএম শামছু উদ্দিন আজাদ অভিভাবক ও শিক্ষকদের প্রতি বলেন, “ছেলে-মেয়েদের স্কুলে পাঠানো মাত্রই দায়িত্ব শেষ নয়। তাদের স্কুলে আসা-যাওয়া নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। যদি কোনো প্রস্তাবনা বা মতামত থাকে, সে বিষয়েও সমন্বয় করতে হবে।”


তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, “শুধু স্কুল ডায়েরিতে পড়ালেখার তথ্য নথিভুক্ত করলেই হবে না। শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগ সহকারে অনুসরণ করতে হবে এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। পরীক্ষার ফলাফল খারাপ হলে অভিভাবকদের সঙ্গে সমন্বয় করা জরুরি। স্কুলে অনুপস্থিতির বিষয়েও অভিভাবককে জানানো হলে ছাত্রছাত্রীরা ভুল পথে যাওয়ার সুযোগ পাবে না। শিক্ষার্থীদের গাইডবুকের ওপর নির্ভর না করে মূল পাঠ্যপুস্তক পড়ার প্রতি উৎসাহিত করলে ফেল হওয়ার প্রবণতা অনেক কমে যাবে।”