সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে। এতে ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা আরোপসহ টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষায় বেশ কয়েকটি মৌলিক ও যুগোপযোগী পরিবর্তনের প্রস্তাব আনা হয়েছে। সংশ্লিষ্ট অংশীজন ও সাধারণ জনগণের অবগতির জন্য খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রস্তাবিত অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞাসহ বিদ্যমান আইন ও নীতিমালায় গুরুত্বপূর্ণ এবং সময়োপযোগী পরিবর্তন আনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
অধ্যাদেশের ওপর মতামত অনলাইনে পাঠানো যাবে ই-মেইল:secretary@ptd.gov.bd-এর মাধ্যমে। এছাড়াও সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা- এই ঠিকানায় ডাকযোগেও মতামত পাঠানো যাবে।
আগামী ১৫ নভেম্বরের মধ্যে জনগণ ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামত জানানোর জন্য অনুরোধ করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।





