নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির বাসভবন বালুওয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন।
সরকারি সূত্র জানায়, কাঠমাণ্ডুতে জেন জি আন্দোলনের বিক্ষোভে ১৭ জন এবং ইতাহারিতে ২ জন নিহত ও চার শতাধিক মানুষ আহত হওয়ার পর নৈতিকতার দায় স্বীকার করে লেখক পদত্যাগের সিদ্ধান্ত নেন।
এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। যদিও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা এ বিষয়ে মন্তব্য করেননি, লেখক বৈঠকে নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়ে পদত্যাগপত্র জমা দেন।
২০২৪ সালের ১৫ জুলাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন।
যুবসমাজের নেতৃত্বে শাসনব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের দাবিতে শুরু হওয়া জেন জি আন্দোলন সম্প্রতি দেশজুড়ে ছড়িয়ে পড়ে। সোমবার কাঠমাণ্ডু ও অন্যান্য নগর এলাকায় বিক্ষোভ তীব্র হলে পুলিশ গুলি চালায়। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এবং সরকার তীব্র রাজনৈতিক চাপে পড়ে।





