নির্বাচনী পথসভায় যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে তাঁকে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেওয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নেই, তাই ভোটাররা যেন ধানের শীষে ভোট দেন।


সম্প্রতি মনিরামপুর উপজেলার হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণার সময় দেওয়া এ বক্তব্য ঘিরে বিভিন্ন রাজনৈতিক মহলে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।


রশীদ আহমাদ আগে জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ)-এর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বিএনপির শরিক দল হিসেবে তিনি দলীয় মনোনয়ন পান। পরে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।


সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশীদ আহমাদকে বলতে শোনা যায়, ভবদহ এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি আরও বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। সে ধারাবাহিকতায় তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগকেও রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


তিনি বলেন, আওয়ামী লীগ সমর্থকরা নিজ নিজ আদর্শ অনুযায়ী রাজনীতি করবেন। তবে এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ না থাকায় ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


এ বক্তব্যের পর নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইঙ্গিত দেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। কেউ কেউ মনে করছেন, আওয়ামী লীগের ভোটব্যাংক নিজেদের দিকে টানতেই এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।


জুলাইযোদ্ধা সংগঠনের যশোর জেলা আহ্বায়ক এ বি আহাদ হোসাইন বলেন, বিএনপির প্রার্থীর বক্তব্য তাঁরা শুনেছেন। তাঁর দাবি, এখনো আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যা ও গুমের বিচার হয়নি এবং জুলাই আন্দোলনের ক্ষত শুকায়নি। তিনি বলেন, নতুন বাংলাদেশে ফ্যাসিস আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কোনো সুযোগ থাকা উচিত নয়। এ বিষয়ে তাঁরা সংবাদ সম্মেলন করবেন বলেও জানান তিনি।


এ বিষয়ে রশীদ আহমাদ বলেন, তাঁর বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে। তিনি দাবি করেন, বিএনপি ও তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। সে উদাহরণ হিসেবেই তিনি এ কথা বলেছেন। তাঁর অভিযোগ, প্রতিপক্ষরা ভোটের মাঠে ভিন্ন কৌশল নিতে বক্তব্যটিকে বিকৃতভাবে উপস্থাপন করছে।