বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তিনি নিরাপত্তা চাইলে সরকার তা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকরা তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে উপদেষ্টা জানান, দেশে কারও নিরাপত্তার কোনো হুমকি নেই এবং সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ প্রস্তুত।
তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হচ্ছে। এর মধ্যে যে সুপারিশগুলো কার্যকর, সেগুলো বাস্তবায়ন করা হবে।
নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে আলোচনা হয়েছে, যদিও সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কেনার বিষয়টিও পরে জানানো হবে।





