তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ও নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তীরে মশাল মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হরিপুরের মাওলানা ভাসানী সেতুর দক্ষিণ প্রান্তে এ কর্মসূচি পালন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি’।
\r\nমশাল হাতে স্লোগানে মুখর এই মিছিলে অংশ নেন তিস্তা তীরবর্তী এলাকার হাজারো মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ভাসানী সেতু এলাকা।
\r\nবিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এসে একত্রিত হন স্থানীয়রা। জেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মোজহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহম্মেদ এবং সদস্যসচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক পৃথক মিছিলের নেতৃত্ব দেন। পরে এসব মিছিল একত্রিত হয়ে মূল মশাল মিছিলে পরিণত হয়।
\r\nমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, তিস্তা নদী রক্ষার আন্দোলন কোনো রাজনৈতিক কর্মসূচি নয়; এটি মানুষের অস্তিত্ব রক্ষার আন্দোলন। তারা অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। বক্তারা সতর্ক করে বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না এলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।





