ভারত তার কৌশলগত ‘চিকেন নেক’ করিডর সুরক্ষিত করতে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের উদ্যোগ নিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করা এই গুরুত্বপূর্ণ করিডরে শিগগিরই ভূগর্ভস্থ রেললাইন স্থাপন করা হবে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সোমবার (২ ফেব্রুয়ারি) এই ঘোষণা দেন।
‘চিকেন নেক’ করিডরটি ভারতের সবচেয়ে সংকীর্ণ কৌশলগত অঞ্চলগুলোর একটি। মাত্র ২০–২৫ কিলোমিটার চওড়া এই এলাকায় নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং এর বাইরে চীনের সীমানা রয়েছে। ভারতের পরিকল্পনায় এই ভূগর্ভস্থ রেলপথের দৈর্ঘ্য হবে প্রায় ৪০ কিলোমিটার।
রেলমন্ত্রী বৈষ্ণব জানান, বাজেটে এই অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ চার ট্র্যাক পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব রাখা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম চেতন শ্রীবাস্তব বলেন, ভূগর্ভস্থ অংশটি তিন মাইল হাট থেকে বাংলার রাঙ্গাপানি স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে।
এ বিষয়ে একজন কর্মকর্তা বলেন, “সংকটকালেও সংযোগ বজায় রাখার কৌশলের অংশ হিসেবে রেললাইনগুলো মাটির নিচে নেওয়া হচ্ছে।” আন্তর্জাতিক কূটনীতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রভাবকে কেন্দ্র করে ভারত এই করিডরকে ‘অচিলিস হিল’ হিসেবে দেখছে—যা দেশের সীমান্ত নিরাপত্তার সবচেয়ে নাজুক দিক হিসেবে বিবেচিত।





