গাজীপুরে চাঁদা না পেয়ে একটি রিসোর্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মো. রাসেল রানার বিরুদ্ধে। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এবং টেক কাথোরা এলাকার বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, টেক কাথোরা এলাকার ‘রিভেরি রিসোর্ট’-এর সামনে বালি ফেলে প্রবেশে বাধা সৃষ্টি করা হয়েছে। ফলে অতিথিরা রিসোর্টে প্রবেশ করতে পারছেন না। রিসোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাসেল রানা কয়েক মাস ধরে প্রতি মাসে ৬৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিলেন। টাকা না দেওয়ায় তিনি রিসোর্টের কার্যক্রম বন্ধের হুমকি দেন।

রিসোর্টের চেয়ারম্যান এহছানুল কাদীর বলেন, “রাসেল রানা আমাদের ওপর চাপ সৃষ্টি করে রিসোর্টের কাছেই তার জন্য একটি অফিস বরাদ্দ ও মাসিক চাঁদা দিতে বলেছিলেন। আমরা তা অস্বীকার করায় তিনি রিসোর্ট বন্ধ করে দেন এবং অতিথিদের ঢুকতে নিষেধ করেন।”

অভিযোগে আরও বলা হয়, গত ৪ অক্টোবর সকালে রাসেল রানা ফোনে রিসোর্টের এক ম্যানেজারকে হুমকি দেন যে, “সমাধান না হওয়া পর্যন্ত কোনো অতিথি রিসোর্টে ঢুকতে পারবে না, দরজায় তালা দাও।” সেই কথোপকথনের অডিও রেকর্ডও রিসোর্ট কর্তৃপক্ষ পুলিশের কাছে জমা দিয়েছে বলে জানা গেছে।

তবে বিএনপি নেতা রাসেল রানা অভিযোগ অস্বীকার করে বলেন, “রিসোর্টে অসামাজিক কার্যক্রম হয়, এজন্য স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে রিসোর্ট বন্ধ করেছে। আমি কারও কাছে চাঁদা চাইনি। বরং ইন্টারনেট ও ডিস সংযোগ বাবদ ৬৫ হাজার টাকা পাওনা ছিল, সেটিই চেয়েছি।”

গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন বলেন, “রিসোর্ট কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। এতে চাঁদা দাবি, হুমকি এবং রিসোর্টে প্রবেশে বাধা দেওয়ার বিষয় উল্লেখ আছে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”