সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৮ মার্চ) সকালে গুলশানের বাসা থেকে বের হওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে বলেন, “চলুন, যুদ্ধে যাই।”


এই মন্তব্যে শুরুতে উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা কিছুটা বিস্মিত হন। পরে তারা বুঝতে পারেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ও পরিচালনার কাজকেই প্রতীকী অর্থে ‘যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছেন এবং প্রতিদিনের সংগ্রামের কথাই বোঝাতে চেয়েছেন।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন। প্রতিদিনের মতো এদিনও তার ব্যক্তিগত ও নিরাপত্তা কর্মকর্তারা প্রস্তুত ছিলেন। বাসার দরজা খুলে প্রধানমন্ত্রী হাসিমুখে এই মন্তব্য করেন।


সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। তার দিনের কর্মসূচিতে একাধিক বৈঠক রয়েছে, যার মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে।