জুলাই গণ-অভ্যুত্থানের ভাষা হিসেবে ‘ইনকিলাব’, ‘ইনসাফ’ ও ‘আজাদি’ শব্দগুলোকে জনপরিসরে বেশি করে চর্চার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এই শব্দগুলো ঐতিহাসিক ও সাংস্কৃতিক সংগ্রামের অংশ এবং এগুলোকে বিতর্কিত করার চেষ্টা করা হলে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সই করা এক বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ব্যবহৃত ঐতিহাসিক আরবি-ফারসি শব্দগুলোকে একটি অংশ অপসংস্কৃতির আখ্যা দিয়ে সমালোচনা করছে। সংগঠনের মতে, এসব শব্দ ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক সংগ্রামে জনগণকে অনুপ্রাণিত করেছে এবং এগুলো বাংলা ভাষার অংশ হিসেবে স্বীকৃত।

বিবৃতিতে আরও বলা হয়, জুলাইয়ের স্লোগান ও ভাষাগত ঐতিহ্যকে যারা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিতর্কিত করতে চাইবে, তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ চালিয়ে যেতে হবে। একইসঙ্গে গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে কাজ করা ব্যক্তিদের পেশাগত দক্ষতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সংগঠনটি মনে করে, সাংস্কৃতিক ও রাজনৈতিক চেতনার লড়াইয়ে নিজেদের ঐক্য ও প্রস্তুতি ধরে রাখতে হবে এবং জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা রক্ষা করতে হবে।