জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী মাজহারুল ইসলাম। শনিবার সন্ধ্যায় সিনেট ভবনে ফল ঘোষণার পর ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে বিজয় দাবি করে সমন্বিত শিক্ষার্থী জোট।

নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলাম বলেন, “আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের নিরঙ্কুশ বিজয় শুধু আমাদের নয়, এটি জাহাঙ্গীরনগরের সকল শিক্ষার্থীর বিজয়। আমরা মনে করি প্রকৃত বিজয় তখনই অর্জিত হবে, যখন দায়িত্ব শেষ করে নতুন জাকসু নির্বাচন দিতে পারব এবং শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে আমরা তাদের আমানতের ভার রক্ষা করেছি।”

ঘোষিত ফলে দেখা যায়, সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম পেয়েছেন ৩৯৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত শিক্ষার্থী ঐক্য ফোরামের আবু তৌহিদ মো. সিয়াম পান ১২৩৮ ভোট। আর ছাত্রদলের প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী পান ৯৪১ ভোট।

এবারের জাকসু নির্বাচনে ২৫টি পদের মধ্যে ২১টিতেই জয় পেয়েছে শিবির-সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট।