শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে এক রোগীর স্বজন ‘আপু’ সম্বোধন করায় কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মারজিয়া খাতুন রোগী ও তার অভিভাবককে কক্ষ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে।
অভিযোগকারী কাজী মাসুম জানান, দুপুরে তিনি তার ছোট মেয়েকে তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে আনেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. অনন্যা ওষুধ লিখে দেন। কিন্তু সব ওষুধ হাসপাতাল বা আশপাশের দোকানে না পেয়ে আধা ঘণ্টা পর আবার জরুরি বিভাগে ফিরে আসেন তিনি। তখন ডা. অনন্যার ডিউটি শেষ হয়ে যাওয়ায় তিনি প্রেসক্রিপশন দেখিয়ে ডা. মারজিয়া খাতুনকে ওষুধ না পাওয়ার কথা জানান। আলাপে তাকে ‘আপু’ বলে সম্বোধন করলে ডা. মারজিয়া ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বলেন, “আমাকে আপু ডাকছেন কেন? আমি মেডিকেল অফিসার। বের হয়ে যান আমার রুম থেকে।” এরপর তিনি রোগীর স্বজনকে ধমক দিয়ে কক্ষ থেকে বের করে দেন।
এ ঘটনায় হাসপাতালে উপস্থিত আরও কয়েকজন রোগী ও স্বজন একই ধরনের অভিযোগ করেন। তাদের দাবি, শুধু ডা. মারজিয়াই নন, হাসপাতালের অনেক চিকিৎসকই রোগীদের সঙ্গে রূঢ় আচরণ করেন।
বিষয়টি নিয়ে হাসপাতালের আরএমও ডা. তাহেরাতুল আশরাফি বলেন, “হয়তো ভুলক্রমে এমনটা হয়েছে। তবে এ বিষয়ে অফিসিয়ালি অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেবো।”
শেরপুরের সিভিল সার্জন ডা. মো. শাহিন বলেন, “রোগী বা স্বজনদের সঙ্গে চিকিৎসকের এমন আচরণ শোভনীয় নয়। আমাদের পেশায় আরও সহনশীল হতে হবে। আমি হাসপাতালের তত্ত্বাবধায়ককে বিষয়টি মীমাংসা করার নির্দেশ দিয়েছি এবং ডা. মারজিয়াকে সতর্ক করা হবে।”





