আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী ও সাবেক সমন্বয়ক আকিল বিন তালেব প্যানেল থেকে পদত্যাগ করেছেন। তিনি এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিনেট সদস্য পদে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।


শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন আকিল। তিনি জানান, সাম্প্রতিক বিভিন্ন বাস্তবতা এবং ব্যক্তিগত কারণের জন্য তিনি ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, একটি প্যানেল মূলত টিমওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠে, তবে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি ব্যক্তির যোগ্যতা, সততা ও কর্মদক্ষতার ওপর নির্ভর করে। পারস্পরিক বোঝাপড়ার ঘাটতির কারণে অনেকেই ইতোমধ্যে প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন, এবং তিনি সেই ধারাবাহিকতায় পদত্যাগ করলেন। তিনি প্যানেলের সকল প্রার্থীকে যোগ্য মনে করেন এবং আশা করেন, তারা জয়ী হলে রাকসুর জন্য ইতিবাচক পরিবর্তন আনবে।


আকিল আরও জানান, তিনি আসন্ন রাকসু নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক ও সিনেট সদস্য এই দুই পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। কিন্তু দুইটি পদে একই সঙ্গে প্রচারণা চালানো তার পক্ষে সম্ভব হয়নি। যেহেতু রাকসুর মূল কার্যক্রম সিনেটের মাধ্যমে বাস্তবায়িত হয়, তাই তিনি কেবল সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।


‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের জিএস পদপ্রার্থী সালাহউদ্দিন আম্মার বলেন, প্যানেলে অনেক প্রার্থী থাকলেও প্রত্যেককে নিজের প্রচারণা নিজেই চালাতে হয়। তিনি আকিলের অদৃশ্য কোনো কারণে প্রচারণা না চালানোর কথা জানেন না। এটা নয় যে আকিল প্যানেলে থাকলে অটোমেটিক এজিএস পদটি পেতেন। হয়তো তিনি নিজের উপর আত্মবিশ্বাসের অভাব বোধ করেই পদত্যাগ করেছেন। তিনি বলেন, আকিলের পদত্যাগ তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং প্যানেলের সঙ্গে তার বিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি।


\r\n\r\n\r\n\r\n

এর আগে, ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের মিডিয়া ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী ফাহির আমিন এবং সহ-সম্পাদক পদপ্রার্থী এম শামীমও প্যানেল থেকে সরে এসে এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।