আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আদালতে ‘জামাই আদরে’ হাজির করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।
\r\nবৃহস্পতিবার (২৪ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গণহত্যাকারী হাসিনার বাহিনী দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে দেশের ওপর দুঃশাসন চালিয়েছে। এখন আদালতে দাঁড়িয়ে সেই নেতারাই আরও ভয়াবহ ফ্যাসিবাদী শাসনের হুমকি দিচ্ছে।”
\r\nরিজভীর অভিযোগ, সম্প্রতি শাজাহান খানসহ কয়েকজন আওয়ামী নেতা আদালতে ‘উদ্ধত আচরণ’ করছেন। তারা আদালতের প্রতি অবজ্ঞা দেখিয়ে সরকারকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন। তিনি বলেন, “এটি অন্তর্বর্তী সরকারের অকার্যকারিতা প্রমাণের একটি গভীর চক্রান্ত।”
\r\nতিনি আরও অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ প্রশাসনের নীরব ভূমিকার কারণেই এই আচরণ সম্ভব হচ্ছে। তার ভাষায়, “পুলিশ ও প্রশাসনে হাসিনার অলিগার্করা ‘সর্ষের ভেতর ভূত’ হয়ে আছে।”
\r\nদেশব্যাপী চুরি, ছিনতাই, ডাকাতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, “শেখ হাসিনার ভরসা পাচারকৃত টাকা। সেই টাকার জোরেই দেশে নানা ঘটনা ঘটিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করা হচ্ছে।”
\r\nএ সময় তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগ প্রশাসনের কিছু অংশের সহায়তায় ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করছে এবং বিএনপি নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে।
\r\nসংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামসহ দলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।





