অনির্বাচিত ব্যক্তিদের কাছে দেশ ও জাতি নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করবে। এপ্রিল নয়, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের পরে নির্বাচন দেয়ার কোনো যৌক্তিকতা নেই।
শনিবার (৭জুন) সকালে নরসিংদীর গাবতলী ঈদগাহ মাঠে ঈদের জামাত শেষে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সঙ্গেএ কুশল বিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। এ সময় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেন বিএনপির এই নেতা।
এদিকে বিপুল উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদীর বিভিন্ন ঈদগাহে ঈদ-উল-আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকেই বিভিন্ন বয়সের মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঈদগাহ ময়দানে মিলিত হয়। সকাল সাড়ে ৮টায় নরসিংদীতে সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয় গাবতলী ঈদগাহ ময়দানে। অপরদিকে, সকাল ৯ টায় জেলার বৃহৎ আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয় রায়পুরার বালুয়াকান্দি শামসুর উলুম মাদরাসার ঈদগাহ ময়দানে।





