ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের সাত বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলাম অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। আওয়ামিলীগের ভোটের বিনিময়ে জামিনের ব্যবস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে বিএনপির বিজয়ী এমপি প্রার্থী ডা. আব্দুস সালামের বিরুদ্ধে।
দবিরুলের আইনজীবী জানান, আদালত থেকে তিনি জামিন লাভ করেছেন। প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আনুষ্ঠানিকভাবে তাকে মুক্তি দেওয়া হয়।
দীর্ঘ প্রায় দেড় বছর কারাবন্দি থাকার পর মুক্তিকে ঘিরে ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সমর্থক ও নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও আনন্দ লক্ষ্য করা গেছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কারাবন্দি অবস্থায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে।
নির্বাচনের আগে বিভিন্ন সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুস সালামকে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা গেছে। ওই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী ক্যাম্পেইনে বক্তব্যে বলেন—
“আমাদের এমপিকে মুক্তি দিলে আমরা আপনাকে ভোট দেব। এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে মাজহারুল ইসলাম সুজনের মুক্তি দিতে হবে।”
নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের বিভিন্ন পোস্ট ঘিরেও আলোচনা শুরু হয়েছে। হরিপুর উপজেলা যুবদলের সমাজকল্যাণ সম্পাদক ও গেদুড়া ইউনিয়নের যুগ্ন-আহ্বায়ক গোলাম রব্বানী ১৩ ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে লেখেন, “ ঠাকুরগাঁও-২ আসনের আওয়ামী লীগের কাছে বিএনপি চিরঋণী। তাই আসুন মিলেমিশে দেশ গড়ি এক সাথে।”
স্থানীয়রা বলছেন, বিএনপি প্রার্থী ভোটের বিনিময়ে আওয়ামী লীগের এমপিকে জামিন দিয়েছেন, যা জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণার শামিল।





