শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারাদেশে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয় বিবেচনায় আছে। রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে তিনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, এই নিয়োগে শুধু ইসলামিক শিক্ষাই নয়, সব ধর্মের শিক্ষক অন্তর্ভুক্ত থাকবেন। এছাড়া, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়মিত আনার বিষয়েও একটি কমিটি গঠন করা হয়েছে।
সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর প্রশ্নের লিখিত উত্তরে শিক্ষামন্ত্রী জানান, সরকার নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার এসবের মানোন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।
এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমপিওভুক্তির জন্য নতুন আবেদন আহ্বান করা হবে এবং পুরাতন আবেদনগুলো পুনঃযাচাই করা হবে বলে জানান মন্ত্রী।
এর আগে, বেলা ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। প্রথম অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হলেও রোববার পর্যন্ত তা মুলতবি করা হয়েছিল। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে।





