বিএনপি ক্ষমতায় এলে জুলাই অভ্যুত্থনে শহিদদের স্মরণে দেশের বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১ জুলাই) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহিদ পরিবারের সম্মাননায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, “নতুন বাংলাদেশ তৈরির সুযোগ নষ্ট করা যাবে না। যেমন ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের জাতি কখনো ভুলে যায়নি, তেমনি ২০২৪ সালের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মোৎসর্গকারী শহিদদেরও জাতি মনে রাখবে।”
তিনি আরও বলেন, এখনই সময় শহিদদের রক্তের ঋণ শোধ করার—জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা এবং ইনসাফভিত্তিক সমাজ গড়ার মাধ্যমে। তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে ঐক্যবদ্ধভাবে দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও জুলাই-আগস্টের আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সম্মানে সম্মানসূচক আসনের ব্যবস্থা রাখা হয়, এবং ভবিষ্যতে এই পরিবারগুলোর জন্য বিশেষ সুবিধা প্রদানের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।





