একাত্তরের মুক্তিযুদ্ধকালীন গণহত্যা ও অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বৈঠকে ১৯৭১ সালের যুদ্ধের সময় সংঘটিত ঘটনাবলি ও দায় স্বীকার সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনার প্রসঙ্গ উঠলে ইসহাক দার বলেন,
\"অমীমাংসিত ইস্যুগুলোর নিষ্পত্তি হয়েছে দুইবার—প্রথমবার ১৯৭৪ সালে, যখন একটি ঐতিহাসিক দলিলের মাধ্যমে বিষয়টির সমাধান হয়। এরপর ২০০২ সালে জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশ সফরে এসে তা আরও স্পষ্টভাবে সমাধান করেন।\"

তিনি আরও দাবি করেন,
\"এই দুটি ঘটনাই প্রমাণ করে যে, বিষয়টির সমাধান দুই দেশের পক্ষ থেকেই ইতোমধ্যে হয়েছে।\"

তবে এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর দ্বারা সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি বহু বছর ধরে বাংলাদেশের পক্ষ থেকে উত্থাপন করা হয়ে আসছে। পাকিস্তানের পক্ষ থেকে কখনোই পূর্ণাঙ্গভাবে দুঃখপ্রকাশ বা ক্ষমা চাওয়ার আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি—এমনটাই দাবি করে আসছে বাংলাদেশের বিভিন্ন মহল।

ইসহাক দারের মন্তব্যকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।