বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে সন্তুষ্টির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) নতুন জরিপে দেখা গেছে, দেশের ৭০ শতাংশ নাগরিক সরকারের কাজকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন।
আইআরআইয়ের ‘সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ’ পরিচালিত এ জরিপে সরকার, নির্বাচন ও সামগ্রিক শাসনব্যবস্থা নিয়ে জনমতের একটি স্পষ্ট চিত্র পাওয়া গেছে।
জরিপ অনুযায়ী, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আস্থা প্রকাশ করেছেন ৬৯ শতাংশ উত্তরদাতা। তাদের মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে সন্তোষজনকভাবে এগিয়ে যাচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচন ঘিরেও জনগণের আগ্রহ চোখে পড়ার মতো। অংশগ্রহণকারীদের ৬৬ শতাংশ জানিয়েছেন, তারা ভোট দিতে প্রস্তুত। তবে ২৩ শতাংশ এখনো সিদ্ধান্তহীন।
নির্বাচন কমিশনকে ঘিরেও আস্থার চিত্র বদলেছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৮০ শতাংশ মানুষ মনে করছেন, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
আইআরআই নিয়মিতভাবে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ও জনমত নিয়ে জরিপ করে থাকে। সংস্থাটি নীতিমালা, শাসনব্যবস্থা ও নির্বাচনকে কেন্দ্র করে জনগণের দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করে এবং দায়িত্বশীল রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।





