শহীদ আবরার ফাহাদের আত্মত্যাগ ও জাতীয় জীবনে তার অবদানকে স্মরণ করে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণার দাবি জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি তোলেন।

সাদিক কায়েম লিখেছেন, দেশের স্বার্থ রক্ষায় ও অন্যায্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় আবরার ফাহাদ শহীদ হয়েছেন। তিনি আজ বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক ও প্রেরণার বাতিঘর।

তিনি আরও উল্লেখ করেন, শহীদ শরীফুজ্জামান নোমানীর শাহাদাত নতুন করে স্বাধীনতার আকাঙ্ক্ষা তৈরি করেছিল। সেই আকাঙ্ক্ষার বীজ বপন হয়েছিল আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে, যা পরিণতি পায় জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হান, তাহির, নাসিমদের আত্মত্যাগে।

ডাকসু ভিপি বলেন, আবরার ফাহাদের আত্মত্যাগ এবং জাতীয় জীবনের এই মোড় পরিবর্তনকে স্মরণীয় করে রাখতে ৭ অক্টোবরকে ‘জাতীয় আধিপত্যবাদবিরোধী দিবস’ ঘোষণা করতে হবে এবং রাষ্ট্রীয় উদ্যোগে দিবসটি পালন করতে হবে।