বিশ্বের ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি (সরকারি পর্যায়ে সরকারি) মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি বছরের জানুয়ারি থেকে জুন সময়ের প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী এই ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায়।

বৈঠক সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জি-টু-জি মেয়াদি চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার ৮২৬ কোটি ১১ লাখ টাকা।

অনুমোদিত দরদাতা প্রতিষ্ঠানগুলো হলো—চীনের পেট্রোচায়না ও ইউনিপেক, ভারতের ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড (আইওসিএল), থাইল্যান্ডের ওকিউটি, সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি, ইন্দোনেশিয়ার বিএসপি এবং মালয়েশিয়ার পিটিএলসিএল।

এছাড়া বৈঠকে মসুর ডাল, সার ও সয়াবিন তেল আমদানির পৃথক প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।