দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভূমিকম্পের আতঙ্ক থামছেই না। মাত্র একদিন আগে বাংলাদেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও মৃত্যুর খবর আসার পরপরই প্রতিবেশী মিয়ানমারে নতুনভাবে কম্পনের অনুভূতি পাওয়া গেছে।

রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমারে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। আন্দামান সাগরে উৎপন্ন এই ভূমিকম্পের প্রভাব মিয়ানমারের পাশের থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। চলতি সপ্তাহে এটি অঞ্চলের দ্বিতীয় বড় ভূমিকম্প, যা ভূতাত্ত্বিকভাবে সক্রিয় এলাকার উদ্বেগ আবারও বাড়িয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে আন্দামান সাগরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মাত্র ১০ কিলোমিটার গভীরে। প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশে গত শুক্রবারের ভূমিকম্পে অন্তত ১০ জনের প্রাণহানি ঘটে এবং এর কম্পন পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়াসহ পার্শ্ববর্তী কিছু এলাকায়ও অনুভূত হয়।