চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং উক্ত আদেশের উপর গণভোট আয়োজনসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার বড়ইন্দারা মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয় এবং সেখানে স্মারকলিপি প্রদান করা হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান। বিক্ষোভকারীরা দাঁড়িপাল্লাসহ নির্বাচন সংস্কারসংক্রান্ত বিভিন্ন স্লোগান দেন।
স্মারকলিপি প্রদান শেষে জামায়াত নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের বিচার এবং জাতীয় পার্টিসহ তাদের দোসরদের নিষিদ্ধ করার দাবি বাস্তবায়ন করতে হবে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন—
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল আলীম প্রমুখ।
নেতৃবৃন্দ অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং এসব দাবি উপেক্ষা করা হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।





