৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা ক্যাডার) লিখিত পরীক্ষার প্রবেশপত্র নতুন করে ডাউনলোড করতে হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসি জানিয়েছে, ৫ অক্টোবর থেকে পরীক্ষার্থীরা যে প্রবেশপত্র ডাউনলোড করেছিলেন, তা বাতিল হিসেবে গণ্য হবে। পরীক্ষার্থীদের ৭ অক্টোবর বিকেল ৪টা থেকে পুনরায় প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। শুধুমাত্র নতুন ডাউনলোড করা প্রবেশপত্রই পরীক্ষার হলে প্রবেশের ক্ষেত্রে বৈধ হিসেবে গণ্য হবে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রার্থীর প্রবেশপত্রে মুদ্রিত পরীক্ষাকেন্দ্রের নাম টেলিটকের এসএমএসে পাওয়া কেন্দ্রের নামের সঙ্গে মেলে না, তাদের জন্য নতুন প্রবেশপত্র ডাউনলোড বাধ্যতামূলক।

৪৯তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) শুক্রবার, ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে।

পিএসসি সূত্রে জানা গেছে, দেশের সরকারি কলেজ ও শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে শিক্ষক সংকট দূর করতে এই বিশেষ বিসিএসের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে ৬৮৩ জন শিক্ষা ক্যাডার নিয়োগ দেওয়া হবে।

মোট ৩ লাখ ১২ হাজারেরও বেশি প্রার্থী এই বিসিএসে আবেদন করেছেন। অর্থাৎ, প্রতিটি পদের বিপরীতে প্রায় ৪৫৬ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সরকারি সাধারণ কলেজে ৬৫৩টি ও শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৩০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি পদ রয়েছে বাংলা বিভাগে ৬১টি, এরপর রাষ্ট্রবিজ্ঞানে ৫৫টি, ইংরেজিতে ৫০টি, অর্থনীতিতে ৪০টি, দর্শন ও রসায়নে ৩০টি করে, আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতিতে ৩২টি পদ।