৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকাসহ দেশের ৮ বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা গ্রহণ করা হবে।রোববার (৭ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জানানো হয়।
নিষিদ্ধ সামগ্রী
বই-পুস্তক, সব ধরনের ঘড়ি, মোবাইল ফোন, সায়েন্টিফিক বা প্রোগ্রামেবল ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস, ব্যাংক/ক্রেডিট কার্ড সদৃশ ডিভাইস, গহনা, ব্রেসলেট ও ব্যাগ সঙ্গে আনা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রীসহ কোনো প্রার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।
তল্লাশি ও প্রবেশের নিয়ম
প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি শেষে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করবেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ উপস্থিত থাকবেন। সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে পরীক্ষার্থীদের হলে প্রবেশ সম্পন্ন করতে হবে। এর পর সব গেট বন্ধ হয়ে যাবে।
বিশেষ নির্দেশনা
পরীক্ষার সময় কানে কোনো আবরণ রাখা যাবে না, কান খোলা রাখতে হবে।
হিয়ারিং এইড ব্যবহার করতে হলে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শপত্রসহ আগে থেকে কমিশনের অনুমোদন নিতে হবে।
নিষিদ্ধ সামগ্রীসহ ধরা পড়লে প্রার্থিতা বাতিল করা হবে এবং ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষার জন্য তিনি অযোগ্য ঘোষিত হবেন।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী অপরাধে জড়িত হলে শাস্তিযোগ্য হবেন।
আসন বিন্যাস
প্রার্থীদের হাজিরা তালিকা রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী জোড়-বিজোড়ে ভাগ করে দৈবচয়ন পদ্ধতিতে আসন ও কক্ষ নির্ধারণ করা হয়েছে। তাই আসন চিহ্নিত করতে কিছুটা সময় লাগবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। পরীক্ষার্থীদের যথাসময়ে কেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানিয়েছে পিএসসি।





