বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও বানারীপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ থেকে সদ্য পদত্যাগ করা গোলাম মাহমুদ মাহবুব মাস্টার জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়নে বরিশাল-২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মান্নান মাস্টারের দাঁড়িপাল্লা প্রতীকের উঠান বৈঠকে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। এ সময় তার সঙ্গে তিন শতাধিক অনুসারীও জামায়াতে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার গোলাম মাহমুদ মাহবুব মাস্টার বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দেন। একই সঙ্গে পদত্যাগপত্রের কপি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে শেয়ার করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ৪০ বছর ধরে সুনাম ও নিষ্ঠার সঙ্গে বিএনপির রাজনীতি করেছেন। এ সময় মামলা-হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও বর্তমানে তিনি নিজ দলেই লাঞ্ছিত, বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব কারণেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এ ছাড়া নিজের ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে তিনি লেখেন, ‘একজন নেতার ভয়ঙ্কর ইগো ও কতিপয় দালালের ষড়যন্ত্রের শিকার হয়ে শহীদ জিয়ার গড়া দল বিএনপি থেকে অব্যাহতি নিলাম।’
জামায়াতে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোলাম মাহমুদ মাহবুব মাস্টার। তিনি বলেন, জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির অর্ধেক শক্তি হারিয়ে যায়, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাকি অংশও শেষ হয়ে গেছে। বিএনপির নামে চলমান মিথ্যার রাজনীতির সঙ্গে তিনি আর নিজেকে সম্পৃক্ত রাখতে চান না বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, বিএনপির ভেতরে লুটেরা, চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না, অথচ জামায়াতে এসব নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের অবস্থানের কারণেই তিনি দলটিতে যোগ দিয়েছেন।
বরিশাল-২ আসনের জামায়াত প্রার্থী আব্দুল মান্নান মাস্টার বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বানে বিভিন্ন দল থেকে মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন। এতে তাদের বিজয় আরও নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে বরিশাল-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।





