রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও পাশের একটি রাসায়নিকের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। তবে আগুন লাগার চার ঘণ্টা পার হলেও কেমিক্যাল গোডাউনে এখনো উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।


মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে এক তাৎক্ষণিক ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করেছে। তবে রাসায়নিকের গোডাউনে কী ধরনের কেমিক্যাল ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফলে উদ্ধার কার্যক্রম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, আগুন নিউট্রালাইজ করতে আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে।


ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, দুপুর ১১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর মাত্র ১৬ মিনিটের মধ্যে, ১১টা ৫৬ মিনিটে, ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে একে একে আরও ইউনিট যোগ দেয় এবং মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।


প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি পোশাক কারখানায় বিস্ফোরণ ঘটে, যার ফলে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের রাসায়নিক গোডাউনে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক উৎসুক জনতার ভিড় দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়, যাদের সঙ্গে পরবর্তীতে সহায়তা করতে যোগ দেন আশপাশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা।