৩৮ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আয়কর বিভাগের সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) এই আদেশ জারি করে। আদেশে আইআরডি সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান সই করেন।

বরখাস্তের আদেশে বলা হয়েছে, ঢাকার কর অঞ্চল-৫-এর সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস ৩৮ লাখ টাকা গ্রহণের বিনিময়ে করদাতা সালাহ উদ্দিন আহমেদের মনোনীত প্রতিনিধিকে আয়কর নথির অধিকাংশ পূর্ববর্তী রেকর্ড হস্তান্তর করেছেন। এসব নথিতে পুরনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল-ট্রাইব্যুনাল আদেশ ও অন্যান্য দলিল অন্তর্ভুক্ত ছিল। এ ঘটনায় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইআরডি জানিয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী জান্নাতুল ফেরদৌসকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বিধিমালা অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।