বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম জানিয়েছেন, দেশের ইতিহাসে এই প্রথম নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুক্রবার পর্যন্ত দেড় লাখ পুলিশের মধ্যে ১ লাখ ৩৩ হাজার সদস্য প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। আগামী ২০ জানুয়ারির মধ্যে বাকি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে।
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে রংপুর বিভাগের পুলিশ সদস্যদের সঙ্গে এক বিশেষ কল্যাণ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
আইজিপি জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয় সব ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ৮ হাজার এবং মধ্যম ঝুঁকির ১৬ হাজার—মোট ২৪ হাজার ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে।
তিনি বলেন, নির্বিঘ্নভাবে আইন প্রয়োগের জন্য সরকারের পূর্ণ সমর্থন প্রয়োজন। নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্য কোনো চাপ থাকলে পুলিশের কাজ বাধাগ্রস্ত হবে। অন্যায় করলে পুলিশকে অবশ্যই জবাবদিহির আওতায় আনা হবে, তবে আইনগত দায়িত্ব পালনে যেন পুলিশ ভয় না পায়—এটাই বড় চ্যালেঞ্জ।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে প্রায় ৬ লাখ আনসার কাজ করবে বলে জানান আইজিপি। এছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বর্ডার গার্ড ও কোস্ট গার্ডও সহায়তায় থাকবে। তিনি স্বীকার করেন, গত ১৫ বছরে পুলিশ বাহিনীতে নানা বিচ্যুতি ও গণবিরোধী কর্মকাণ্ড হয়েছে, যার দায় পুলিশের ওপর এসেছে। সেই অবস্থা থেকে বেরিয়ে পুলিশকে পেশাদার ও জনবান্ধব বাহিনীতে রূপ দিতে গত এক বছর ধরে কাজ চলছে।
আইজিপি আরও বলেন, অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা থাকবে। সাম্প্রতিক কিছু আলোচিত হত্যাকাণ্ডে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে পুলিশ কাজ করছে। বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা উৎসাহিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা সমাধানে বিশেষ আইন ও কাঠামোগত সংস্কার প্রয়োজন।
সংখ্যালঘুদের ওপর হামলা ও ধর্মীয় স্থাপনায় ভাঙচুরের ঘটনাগুলোর বিষয়ে আইজিপি জানান, প্রতিটি ঘটনায় মামলা ও চার্জশিট দেওয়া হয়েছে। তবে বিচার প্রক্রিয়ায় বিলম্ব একটি বড় দুর্বলতা হিসেবে রয়ে গেছে।
সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী, জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইনসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।





