ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি দাবি করেছেন, এক রাতে দেশি–বিদেশি অন্তত ৩০টি ফোন নম্বর থেকে তিনি হত্যা ও ধর্ষণের হুমকি পেয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাতে এসব হুমকি আসে বলে শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে জানান তিনি।

হাদি লিখেছেন, তিন ঘণ্টার মধ্যে ধারাবাহিকভাবে ফোন ও টেক্সট আসে। এসব কল থেকে তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। তার দাবি, এসব হুমকি এসেছে আওয়ামী লীগের ‘খুনিদের’ পক্ষ থেকে।

ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ১৭ নভেম্বর “খুনি হাসিনার” রায় হবে বলেও উল্লেখ করেন এবং বলেন, ইনসাফের লড়াই থেকে তাকে ভয়ভীতি দেখিয়েও সরানো যাবে না।


হাদি পোস্টে ধর্মীয় দৃষ্টান্ত টেনে আরও বলেন, তাকে হত্যা করা হলেও আরও হাদি জন্ম নেবে এবং এই লড়াই থামবে না। তিনি নিজের পরিবার ও সহযোদ্ধাদের আল্লাহর কাছে সোপর্দ করে শহীদের মৃত্যু কামনা করেন বলেও উল্লেখ করেছেন।

ওসমান হাদি ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে শাহবাগে ‘জনতার প্রতিরোধ’ কর্মসূচি পরিচালনা করেন।