দুর্নীতির অভিযোগে দায়ের করা পৃথক তিন মামলায়  শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানাসহ ২৩ জনের বিরুদ্ধে আজ সোমবার (১১ আগস্ট) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ কার্যক্রম পরিচালনা করবেন।


\r\n

মামলাগুলোতে অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি জমি ও প্লট অবৈধভাবে বরাদ্দ নেওয়া হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব মামলা দায়ের করে।


\r\n

এ তিন মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জন আসামি রয়েছেন। আজ সাক্ষ্য দেওয়ার জন্য তিন মামলার বাদী—দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসানকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম জানান, “তিন মামলার সাক্ষ্যগ্রহণের জন্য আজ দিন ধার্য রয়েছে। বাদীরা আদালতে হাজির হবেন বলে আমরা আশা করছি।”


\r\n

গত ১৪ জানুয়ারি দুদকের উপপরিচালক সালাহউদ্দিন শেখ হাসিনাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। অভিযোগপত্রে তদন্তে আরও চারজনকে যুক্ত করে মোট ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক কর্মকর্তা ও গৃহায়ন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদসহ অনেকে।


\r\n

একই অভিযোগে গত ১৪ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান শেখ হাসিনা ও তাঁর ছেলে জয়সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে আরও দুইজনকে যুক্ত করে মোট ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।


\r\n

গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া শেখ হাসিনা ও তাঁর মেয়ে পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্তে আরও দুইজনকে যুক্ত করে আসামির সংখ্যা দাঁড়ায় ১৮ জনে।


\r\n

গত ৩১ জুলাই আদালত এ তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এবং সাক্ষ্যগ্রহণের তারিখ হিসেবে ১১ আগস্ট নির্ধারণ করেন।