কাঙ্ক্ষিত গ্রেড বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে আবারও আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু হয়েছে।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষকরা তিন দফা দাবি পূরণের জন্য আন্দোলন চালাবেন। তাদের দাবিগুলো হল—দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড প্রদানের জটিলতা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি জানান, শহীদ মিনারে ২০ হাজার শিক্ষক অংশ নেবেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে এবং এবার রাজপথে দাবি আদায় করে তবেই ঘরে ফিরে যাবেন। দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত।

গণশিক্ষা মন্ত্রণালয় গত ২৪ এপ্রিল এক আদেশে ১১তম গ্রেডে বেতন পাওয়া প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে এবং ১৩তম গ্রেডে বেতন পাওয়া শিক্ষকদের বেতন ১২তম গ্রেডে উন্নীত করার কথা জানিয়েছিল। তবে সহকারী শিক্ষকরা এতে সন্তুষ্ট নন।

আন্দোলনে অংশ নিচ্ছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাশেম-শাহিন), বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্যরা। তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের নিয়োগপ্রাপ্ত শিক্ষকরাও যোগ দেবেন।