আগামী ২৫ জানুয়ারি থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে শাস্তির মুখে পড়তে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা বা তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের নির্দিষ্ট এলাকা, পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় অকারণে হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২৫ জানুয়ারি থেকে বিমানবন্দর এলাকার উত্তর ও দক্ষিণে দেড় কিলোমিটার জুড়ে—স্কলাসটিকা স্কুল থেকে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত—আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হবে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে এ উদ্যোগের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর, বিআরটিএ, সিভিল এভিয়েশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং ডিএমপির ম্যাজিস্ট্রেটরা যৌথভাবে বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করবেন বলেও জানিয়েছে পুলিশ।





