আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে অবস্থান নেবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।


রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।


উপদেষ্টা বলেন, পূজা একটি ধর্মীয় ও পবিত্র আয়োজন—এ কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে, যারা নিরাপত্তা ও সহযোগিতায় সহায়তা করবেন।


তিনি আরও জানান, দেশের বিভিন্ন রুট দিয়ে মাদক প্রবেশ করছে, অন্যদিকে সেই রুট ব্যবহার করে চাল, সার ও ওষুধ পাচার হয়ে যাচ্ছে। শুধু কক্সবাজার বা চট্টগ্রাম নয়, বরিশাল ও বরগুনার উপকূলীয় নৌরুটেও এ ধরনের চোরাচালান হচ্ছে।


আলোকপাত করে তিনি বলেন, আরাকান আর্মির অর্থের মূল উৎস মাদক ব্যবসা। বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় প্রচুর পরিমাণে মাদক জব্দ হচ্ছে, যার ফলে বাজারে মাদকের দামও বেড়েছে।


আলু চাষ ও বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা বলেন, কৃষকরা বর্তমানে আলুর ন্যায্য দাম পাচ্ছেন না। ভবিষ্যতে তারা আলু চাষে অনাগ্রহী হলে দেশের বাজারে আলুর ঘাটতি তৈরি হতে পারে, যা দামে প্রভাব ফেলবে।


প্রতিমা ভাঙচুর বিষয়ে তিনি জানান, এবার প্রতিমা ভাঙার ঘটনা অনেক কম হয়েছে। যেসব এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে, সেসব স্থানে সিসিটিভির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে।


\r\n\r\n\r\n\r\n\r\n\r\n\r\n

তিনি আবারও নিশ্চিত করেন, পূজাকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে ২৪ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।