আজ সোমবার সকালে মাত্র তিন ঘণ্টায় রাজধানীতে ৭১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর আগে, রবিবার রাত থেকেই বৃষ্টিপাত শুরু হয়, যা ভোরের দিকে আরও বেড়ে যায়। আবহাওয়ার এই রূপে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, ফলে অফিসগামী মানুষকে তীব্র দুর্ভোগে পড়তে হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর গতকাল রাত ১২টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত মোট ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দেশের বিভিন্ন এলাকায়ও বৃষ্টি হয়েছে। ফেনীতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সেটিকে অতি ভারী বৃষ্টি হিসেবে গণ্য করা হয়।


ভোরের বৃষ্টিতে রাজধানীর বহু এলাকা পানিতে তলিয়ে যায়। ধানমন্ডি, মোহাম্মদপুর, কলাবাগান, কারওয়ান বাজার, গ্রিনরোড, মণিপুরিপাড়া, নিউমার্কেট, আসাদগেট ও জিগাতলা—এসব এলাকার বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে যায়।

ফকিরাপুল, কাকরাইল, মালিবাগ, রাজারবাগ, মতিঝিলসহ নিম্নাঞ্চলগুলোতে কর্মজীবীরা কোমরসমান পানি পার হয়ে কর্মস্থলে পৌঁছাতে বাধ্য হন।
একজন বেসরকারি চাকরিজীবী শিপন আহম্মেদ জানান, \"মালিবাগ থেকে অফিস যেতে কোমরসমান পানি পার হয়ে যেতে হয়েছে।\"

আজ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে খুলনাসহ উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার আগামী বুধবার থেকে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে বলে পূর্বাভাস মিলেছে। তবে এটির প্রভাব বাংলাদেশে খুব বেশি না-ও পড়তে পারে।