চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের কোনো প্রকল্পেই জুলাই ও আগস্টে খরচ হয়নি। মোট বরাদ্দ প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা হলেও এই দুই মাসে বাস্তবায়ন হার শূন্য হিসেবে দেখা গেছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এডিপি বাস্তবায়নে পিছিয়ে থাকা মন্ত্রণালয় ও বিভাগগুলো হলো: জননিরাপত্তা বিভাগ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংসদ সচিবালয়।

আইএমইডির তথ্য অনুযায়ী, জননিরাপত্তা বিভাগের ১৪টি প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে ১ হাজার ১৮৪ কোটি টাকা, কিন্তু খরচ হয়নি একটাও। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ১০টি প্রকল্পে ৮৬৭ কোটি টাকা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে ১২১ কোটি টাকা, দুদকের ২ প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা এবং সংসদ সচিবালয়ের ২ প্রকল্পে ২০ লাখ টাকার কোনো ব্যয় হয়নি। সব মিলিয়ে পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ ২ হাজার ১৮২ কোটি টাকা।

এদিকে, চলতি অর্থবছরে মোট ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি হাতে নেওয়া হয়েছে। এর আওতায় ১ হাজার ১৯৮টি প্রকল্পের কাজ চলছে। জুলাই ও আগস্টে মোট বাস্তবায়ন হার মাত্র ২.৩৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম। এ সময়ে মোট ব্যয় হয়েছে ৫ হাজার ৭১৪ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১ হাজার ৪২৯ কোটি টাকা কম।