ভারত প্রথমবারের মতো ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি ও পরীক্ষা করেছে। ‘অগ্নি-প্রাইম’ নামে এই পরবর্তী প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়, যা সফল হয়েছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে এই তথ্য জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, ক্ষেপণাস্ত্রটি রেলভিত্তিক ক্যানিস্টারাইজড মোবাইল লাঞ্চ সিস্টেম থেকে উৎক্ষেপণ করা হয়েছে, যা চলন্ত ট্রেন থেকেও নিক্ষেপযোগ্য। এ ধরনের প্রযুক্তি বর্তমানে বিশ্বের খুব অল্প কয়েকটি দেশেরই রয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে রাজনাথ সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আত্মনির্ভর ভারতের যে দর্শন তুলে ধরেছেন, এই নতুন ক্ষেপণাস্ত্র তারই অংশ। দেশের প্রতিরক্ষা খাত আত্মনির্ভরতার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।”


তিনি আরও জানান, ‘অগ্নি-প্রাইম’ ক্ষেপণাস্ত্রটি উন্নত প্রযুক্তিসম্পন্ন এবং এটি ভারতীয় অস্ত্রভাণ্ডারে একটি বড় সংযোজন হিসেবে কাজ করবে। ক্ষেপণাস্ত্রটির উন্নয়নে কাজ করেছে ডিআরডিও (Defence Research and Development Organisation), স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ড এবং প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন শাখা।


রাজনাথ সিং সংশ্লিষ্ট সব সংস্থা ও বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, “অগ্নি-প্রাইম কেবল প্রযুক্তিগত উৎকর্ষের নিদর্শনই নয়, বরং এটি আমাদের প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।”

সূত্র: এনডিটিভি