জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ১৮ অক্টোবরের মধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে বিকল্প কোনো প্রতীক বেছে না নিলে, নির্বাচন কমিশন (ইসি) নিজ উদ্যোগে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।


তিনি বলেন, নির্বাচন কমিশনের বর্তমান বিধিমালায় ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় এনসিপিকে সরাসরি এই প্রতীক বরাদ্দ দেওয়ার সুযোগ নেই। তাই নির্ধারিত সময়ের মধ্যে যদি দলটি বিকল্প প্রতীক না জানায়, তবে কমিশন নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


এদিকে, এনসিপি ‘শাপলা’ প্রতীক পাওয়ার দাবিতে অনড় অবস্থান নিয়েছে। দলটি ইতোমধ্যে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং চিঠি দিয়েছে। দলটির নেতারা জানিয়েছেন, প্রয়োজনে রাজপথে আন্দোলন করেও তারা এই প্রতীক আদায়ের চেষ্টা চালাবেন। এমনকি প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করা হতে পারে বলে জানিয়েছেন তারা।


এ সময় ইসি সচিব আখতার আহমেদ আরও জানান, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন বিষয়ে গণভোট হবে কিনা, সে প্রস্তাব এখনও কমিশনে আনুষ্ঠানিকভাবে উত্থাপিত হয়নি।