গাইবান্ধা জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের ১৭ই রমজান, ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪নং জামালপুর ইউনিয়নের বড় জামালপুর সিনিয়র আলিম মাদ্রাসা মাঠে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি এবং সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। সত্য ও ন্যায়ের পক্ষে ঈমানদারদের বিজয়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল এই দিনে। তিনি মুসলিম উম্মাহকে বদরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।পাশাপাশি তিনি পবিত্র মাহে রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ এরশাদুল হক ইমন। তিনি তার বক্তব্যে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এই মাসে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের পাশাপাশি সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসতে হবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা সিরাজুল ইসলাম সিরাজ এবং উপজেলা টিমের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং জামালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সৈয়দ মেজবাউল হক রাশেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলহাজ্ব শামসুজ্জামান একরাম।

ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।