জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেছেন, “১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি, রাস্তাঘাট একটু হেঁটে দেখুন। বাংলাদেশকে চেনার পর আমরা ভরসা করতে পারব যে আপনি আমাদের জন্য কিছু করতে পারবেন কি না।”
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বরে এনসিপির নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “আমরা ১৭ বছরের নিপীড়ন দেখেছি। গত ১৭ মাসে আবারও জনগণ নতুন ধরনের নিপীড়নের শিকার হয়েছে। ১৭ বছরে গুম, খুন, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি সহ শেখ হাসিনার ফ্যাসিবাদের সব কুশীলতা আমরা দেখেছি। কিন্তু গত ১৭ মাসে ক্ষমতায় না থাকা স্বত্ত্বেও একটি দল ঠিক একই অভিজ্ঞতা জনগণকে দিয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। আমরা মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষের দরজায় দরজায় গিয়ে ভোটের ম্যান্ডেট চাই। আমরা জুলাই অভ্যূত্থানে কোটি কোটি মানুষের অংশগ্রহণের মাধ্যমে শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি। আমরা আজগুবি বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি এবং জানি মাটির মানুষদের সমস্যা ও বাস্তবসম্মত সমাধান।”
সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী ও যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত উপস্থিত ছিলেন।





