আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অন্তত ১৬টি দেশ বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশ থেকে মোট ৫৭ জন দ্বিপাক্ষিক নির্বাচন পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত আন্তর্জাতিক পর্যবেক্ষকও নির্বাচনে অংশ নেবেন।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে সর্বাধিক ১৪ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে তুরস্ক। তুরস্কের প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যরা থাকবেন এবং দলের নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া (৫ জন), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), শ্রীলঙ্কা (১), ফিলিপাইন (২), জর্ডান (২), ইরান (১), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (১) এবং দক্ষিণ আফ্রিকা (২)।
উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।





