ইরানের বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে ১৫০ জন রুশ পারমাণবিক বিশেষজ্ঞকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। বুধবার (১১ মার্চ) সংস্থাটির প্রধান অ্যালেক্স লিখাচেভ এ তথ্য জানিয়েছেন।

করপোরেট পত্রিকা স্টারানাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১০ থেকে ১১ মার্চ রাতের মধ্যে সরিয়ে নেওয়ার দ্বিতীয় ধাপ সম্পন্ন হয়েছে। পারমাণবিক বিশেষজ্ঞরা সীমান্ত পেরিয়ে আর্মেনিয়াতে প্রবেশ করেছেন এবং সেখান থেকে রাশিয়ায় ফিরে যাচ্ছেন।

লিখাচেভ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা বাহিনী এবং ইরান ও আর্মেনিয়ার কর্তৃপক্ষকে এই অভিযানে সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

তবে তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় ৪৫০ জন রুশ কর্মী এখনও বুশেহর কেন্দ্রটিতে রয়েছেন। যন্ত্রপাতি সচল রাখা এবং স্থাপনার কার্যক্রম চালু রাখার কারণে তাদের এখনই সরিয়ে নেওয়া সম্ভব নয়।